Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুই’শ বছরের পুরনো লকেট ও হীরার চুড়ি পরে ট্রাম্পের অনুষ্ঠানে নীতা

নীতা আম্বানি ‘ফ্যাশন আইকন’ হিসেবে পরিচিত এবং তার সাজগোজ সর্বদা আলোচনায় থাকে

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৮:৪৮ পিএম

দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রাত ১১টার দিকে অনুষ্ঠান হওয়ার কথা। ঠিক তার দু’দিন আগে বিশেষ এক নৈশভোজের আয়োজন করেছিলেন ট্রাম্প। পৃথিবীর নানা প্রান্ত থেকে বাছাই করা ১০০ জন বিশেষ অতিথি আমন্ত্রিত ছিলেন সেই অনুষ্ঠানে। সেই নৈশভোজের অনুষ্ঠানে দেখা গিয়েছে ভারতের ধনকুবের রিলায়্যান্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানী এবং রিলায়্যান্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানীকেও।

এমনিতেই “ফ্যাশন আইকন” বলে খ্যাতি রয়েছে নীতার। সেখানে আবার আমেরিকার প্রেসিডেন্টের আমন্ত্রণ! নীতা যেখানেই যান, সেখানেই আলাদা করে নিজের রুচির পরিচয় দিয়ে আসেন। তার সাজগোজ নিয়ে সাধারণ মানুষের মনেও কৌতূহল থাকে। অগণিত মানুষের মধ্যেও আলাদা করে নিজের উপস্থিতি বুঝিয়ে দিতে পারেন নীতা।

ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর কাঞ্চিপুরম সিল্কের শাড়ি পরে ট্রাম্পের আমন্ত্রণে গিয়েছিলেন নীতা। সোনালি জরির “টেম্পল” কাজ করা কালো সিল্কের শাড়ি বেছে নিয়েছিলেন তিনি। কালো শাড়ির দু’ধারে ছিল “ফুশিয়া পিঙ্ক” এবং “এমারেল্ড গ্রিন” রঙের সরু পাড়। সঙ্গে ছিল কালো রঙের ভেলভেটের গলাবন্ধ, লম্বাহাতা ব্লাউজ়। নীতার পছন্দ অনুযায়ী বিড্‌সের কাজ করা ছিল ব্লাউজ়ের হাতায়। তার উপর দিয়ে নীতা জড়িয়ে নিয়েছিলেন কালো রঙের লম্বা ঝুলের কোট।

নীতার গয়নার সম্ভারও ঈর্ষণীয়। নৈশভোজে যোগ দেওয়ার জন্য সে দিন শাড়ির সঙ্গে মানিয়ে হীরা, চুনি এবং পান্নাখচিত হার বেছে নিয়েছিলেন তিনি। নীতার সংগ্রহে এমন সব অমূল্য জহরত থাকা অস্বাভাবিক নয়। তবে এই হারটির বিশেষত্ব হল তার “লকেট”। প্রায় দুই’শ বছরের পুরনো এই লকেটটির আকার অনেকটা টিয়াপাখির মতো। হারের সঙ্গে নীতার কানে ছিল একজোড়া হীরা, পান্নাখচিত দুল। হাতে কয়েক গাছা হীরা চুড়ি।

ইতোমধ্যেই ষাটের গণ্ডিতে পা দিয়ে ফেলেছেন নীতা। তা সত্ত্বেও তিনি সুন্দর। সেই সৌন্দর্য আরও উজ্জ্বল হয় রূপটানের দক্ষতায়। তবে বেশি মেকআপ করতে তিনি পছন্দ করেন না। আইলাইনার, কাজল, সুন্দর করে আঁকা ভুরুযুগল, দু’গালে লালচে আভা এবং ন্যুড শেডের লিপস্টিক ছিল তার সাজসঙ্গী। একপাশে সিঁথি করে ঘাড়ের কাছে বাঁধা আলগা খোঁপায় নীতার সাজ সম্পূর্ণ হয়েছিল।

ওই অনুষ্ঠানের জন্য খাঁটি পশ্চিমা সাজে সেজেছিলেন মুকেশ আম্বানী। নীতার সঙ্গে মানিয়ে কালো রঙের স্যুট এবং সাদা রঙের শার্ট পরেছিলেন তিনি। গলায় ছিল গাঢ় লাল রঙের টাই।

   

About

Popular Links

x