ভারতে অনুষ্ঠিত মহাকুম্ভ ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পাথরের মালা বিক্রেতা মোনালিসা ভোঁসলের। খারগাঁওয়ের এ তরুণী এবার বলিউড জগতে পা রাখতে যাচ্ছেন। শুরুতেই কত পারিশ্রমিক নিচ্ছেন এ নিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে কৌতূহল দেখা যাচ্ছে।
প্রতিনিয়ত গ্ল্যামার দুনিয়ার হাতছানি তার দিকে। ১৪ ফেব্রুয়ারিতে জীবনে প্রথম বারের মতো বিমানে চড়েন, থাকলেন সেভেন স্টার হোটেলে। বিমানে চড়ে ভারতের কোজিকোড়ে যান। সেখানে ববি চেম্মানুর নামের এক ব্যবসায়ীর গয়নার শোরুম উদ্বোধনের জন্য বিশেষ অতিথি হয়ে যান মোনলিসা। চোখেমুখে নতুন ধরনের রূপের ঝলক। সোজা রেশমি চুলকে করে ফেলেছেন কোঁকড়া। সেখানে গিয়ে হাত নেড়ে আগতদের অভিবাদন জানান। শুধু তাই নয়, ভারতের মালায়ালাম ভাষায় খুব সাবলীলভাবে কথা বলেন আমন্ত্রিতদের সঙ্গে। শীঘ্রই নায়িকা হিসাবে পর্দায় দেখা যাবে তাকে।
ভারতের মধ্যপ্রদেশের দরিদ্র পরিবারের এই মেয়েটি গ্রামের অন্যদের সঙ্গে মেলায় গিয়েছিলেন মালা বিক্রি করতে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তিনি ভাইরাল। সনোজ মিশ্র পরিচালিত ‘‘দি মণিপুর ডায়েরি’’ সিনেমাতে ইতোমধ্যেই অভিনয়ের প্রস্তাব পেয়েছেন মোনালিসা। সনোজ ইতোমধ্যেই মোনালিসার বাড়ি গিয়ে সিনেমার প্রস্তাব দিয়েছেন। ফেব্রুয়ারি মাসেই শুটিং শুরু করবেন পরিচালক। তবে মোনালিসা বা তার পরিবারের সঙ্গে কী কথা হয়েছে, তা জানাতে নারাজ সনোজ। তবে সনোজ জানিয়েছেন, তিনি মোনালিসার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন ও তার অভিনয় শিক্ষার দায়িত্বও নিয়েছেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।
জানা গেছে, মোনালিসাকে প্রথম সিনেমার জন্য ২১ লাখ রুপি পারিশ্রমিক দিচ্ছেন পরিচালক। ইতোমধ্যেই ১ লাখ অগ্রিম দিয়ে ফেলেছেন। যদিও সনোজের উদ্দেশ্য সঠিক নয় বলে দাবি করেছেন এক প্রযোজক।



মায়াবী চোখের সেই মোনালিসা এবার সিনেমায়