শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর মিয়ানমারের ছয়টি অঞ্চলে এবং থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়াও ব্যাংককে ভূমিকম্পে ভবন ধসে ৪৩ জন নিখোঁজ হয়েছে। ওই ভবনে ৫০ জনের মতো লোক ছিল বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানায়, ৩০ তলা যে ভবনটি ধসে পড়েছে সেটি নির্মাণাধীন অবস্থায় ছিল। সেখানে ৪৩ জন নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছে।
এদিকে মিয়ানমারের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাগাইং, মান্দালাই, ম্যাগওয়ে, বাগো, ইস্টার শান রাজ্য এবং নেপিডো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
মিয়ানমারের জান্তা সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে যে, কর্মকর্তারা ক্ষয়ক্ষতির তদন্ত করবেন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ সমন্বয় শুরু করবেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। বাংলাদেশও অনূভূত হয়েছে এ ভূমিকম্প। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



