Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

চলন্ত সিএনজি অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা, দগ্ধ ২ নারী

দগ্ধ একজনের শ্বাসনালি পুড়ে গেছে

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১২:২৬ পিএম

চট্টগ্রামে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রলবোমা ছুড়েছে মুখোশধারী একদল দুর্বৃত্ত। এ সময় দুই নারী দগ্ধ হয়েছেন।

রবিবার (২০ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে নগরের মুরাদপুর-অক্সিজেন সড়কের আতুরার ডিপোর তিন রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ দুইজন হলেন- লায়লা বেগম (৫০) ও তার পুত্রবধূ ঝর্ণা বেগম (৩০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানিয়েছেন, দগ্ধ দুইজনকেই প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে লায়লা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও দগ্ধ লায়লা বেগমের স্বামী মো. আব্বাস জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে গ্রামের বাড়ি রাউজান থেকে কক্সবাজারের কুতুবদিয়া যাচ্ছিলেন তারা। পথে আতুরার ডিপো এলাকায় পৌঁছালে তারা সড়কে আগুন দেখতে পান। অটোরিকশার চালক আগুন পাশ কাটিয়ে গাড়িটি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় মুখোশ পরা তিন ব্যক্তি গাড়িতে পেট্রলবোমা ছুড়ে মারেন।

সিএনজিচালিত অটোরিকশাটির চালক মো. জামি জানান, পেট্রলবোমা ছুড়ে মারার পর কিছু দূর গিয়ে তিনি গাড়ি থামান। এরপর আহত যাত্রীদের গায়ে পানি ঢালেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মো. এস খালেদ বলেন, “লায়লার শ্বাসনালি পুড়ে গেছে। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।”

   

About

Popular Links

x