ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগ্রামে সন্ত্রাসী হামলায় পর্যটক নিহত হওয়ার ঘটনায় চলমান উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপের অংশ হিসেবে এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিযেছে ভারত।
বুধবার (৩০ এপ্রিল) রাতে ইসলামাবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে নয়াদিল্লি এ ঘোষণা দিয়েছে।
এর ফলে এখন থেকে বাণিজ্যিক ও সামরিক সব ধরনের পাকিস্তানি উড়োজাহাজ ভারতের আকাশসীমায় আর ঢুকতে পারবে না। বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে, যা আগামী ২৩ মে পর্যন্ত বহাল থাকবে।
নোটাম (নোটিস টু এয়ারম্যান) নোটিস জারি করে ভারত সরকার বলেছে, “এখন থেকে পাকিস্তানে নিবন্ধিত, সেখান থেকে পরিচালিত কিংবা দেশটির ভাড়া বা ইজারা নেওয়া বাণিজ্যিক বা সামরিক কোনো উড়োজাহাজ ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।”
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে লিখেছে, ভারতের এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের উড়োজাহাজগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যেতে অনেকটা বেশি পথ পাড়ি দিতে হবে। চীন ও শ্রীলঙ্কার ওপর দিয়ে যেতে হবে। ফলে পাকিস্তানের এয়ারলাইন্সগুলোর ব্যয় বাড়বে, সময়ও বেশি লাগবে।



