সিনেমার শুটিংয়ের কর্মঘণ্টা, পারিশ্রমিকসহ নানা বিষয়ে মতবিরোধের জেরে নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা থেকে বাদ পড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এ নিয়ে জোর সমালোচনা চলছে বলিউডে। অজয় দেবগান থেকে শুরু করে কাজল, সাইফ আলী খান, মণিরত্নমসহ অনেকেই দীপিকার পাশে দাঁড়িয়েছেন। তবে এবার নাম উল্লেখ না করেই অভিনেত্রীকে খোঁচা দিলেন দক্ষিণি তারকা রানা দুগ্গাবতী। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।
দক্ষিণি এই অভিনেতা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘কেউ কাউকে জোর করছে না। এটা একটা কাজ। কোনো নির্দিষ্ট সিনেমাতে কাজ করার জন্য যেমন আপনাকে কেউ জোর করতে পারে না, তেমনি আপনি চাইলে কাজটা না-ই করতে পারেন। জীবনে কোনটা গুরুত্বপূর্ণ, তা তো নিজেকেই সিদ্ধান্ত নিতে হয়। এমন অভিনেতাও রয়েছেন, যারা দিনে ৪ ঘণ্টা শুটিং করেন।’’
সাক্ষাৎকারে রানা আরও বলেন, ‘‘আমাদের একটা বিষয় বোঝা উচিত। আমাদের দেশ উন্নয়নশীল দেশ। এখনো উন্নত দেশ নয়। অর্থনীতির দিক থেকেও খুব একটা এগিয়ে নেই ভারত। এই বিষয়গুলোও পর্যালোচনা করা উচিত।”
বিভিন্ন রাজ্যে কাজের ধরনও ভিন্ন রকম হয়। দক্ষিণের বিনোদন জগতের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন রানা। তিনি আরও বলেছেন, ‘‘মহারাষ্ট্রে ১২ ঘণ্টা শুটিং করতে হয়। তেলেগু সিনেমার ক্ষেত্রে আবার ৮ ঘণ্টার শুটিং হয়। আবার মহারাষ্ট্রে সকাল নয়টা থেকে কাজ শুরু হয়। তেলেগু সিনেমাতে সকাল সাতটা থেকে শুটিং শুরু হয়।’’
সাক্ষাৎকারে রানা কারও নাম উল্লেখ না করলেও মনে করা হচ্ছে, তিনি দীপিকাকেই ইঙ্গিত করেই কথাগুলো বলেছেন।



