Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দরজা ভেঙে নারীকে ধর্ষণ, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন

আপডেট : ২৯ জুন ২০২৫, ১০:০৬ এএম

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বসতঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত ফজর আলীসহ চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ জুন) তিনজনকে মুরাদনগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারের পর আজ ভোরে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে প্রধান আসামি ফজর আলীকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ফজর আলী (৩৮) বাহেরচর পাচকিত্তা গ্রামের বাসিন্দা।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাচকিত্তা গ্রামে এই ধর্ষণকাণ্ড ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা আলোচনার জন্ম দেয়। নেটিজেনরা ব্যাপক সমালোচনা করে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

এরপর ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের দায়ে তিনজনকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। পরে আজ ভোরে সায়েদাবাদ থেকে গ্রেপ্তার হন ফজর আলী।

পুলিশ সুপার জানান, ঘটনার পর ভুক্তভোগী নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় ফজর আলীকে প্রধান আসামি করে একটি ধর্ষণ মামলা করেন করেন। তবে ঘটনাটির ভিডিও ধারণ করে যারা সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, তাদের মধ্য থেকে আরও তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা জেলা পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার রাতে রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয়দের হাতে আটক হন ফজর আলী। পরে তাকে মারধরও করে বিক্ষুব্ধরা। তবে আহত অবস্থায় তিনি পালিয়ে যান।

ঘটনার পরপরই উপস্থিত কয়েকজন ধর্ষণের শিকার নারীর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেয়। সেই সময়ই তিনজনকে গ্রেপ্তার করা হয়। আর মূল আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত ছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

   

About

Popular Links

x