বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত কনস্টেবলদের আগামী রোববার (১২ জানুয়ারি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। রাজশাহীর চারঘাটের সারদায় অবস্থিত পুলিশ অ্যাকাডেমিতে এদিন বাংলাদেশ পুলিশ বাহিনীতে ১৬৭তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য ৩৩৪ জনকে পাসিং আউট দেওয়া হবে।
এ বিষয়ে অ্যাকাডেমির পুলিশ সুপার বেসিক (ট্রেনিং ২) মো. তানভীর সালেহীন ইমন বলেন, “অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত ৩৩৪ জন কনস্টেবলের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।”
জানা গেছে, আগামী রবিবার সকাল ৯টায় সমাপনী কুচকাওয়াজের অনুষ্ঠান শুরু হবে। সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে সমাপনী অনুষ্ঠান শেষ হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করবেন অ্যাকাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞা। এ ছাড়া তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পদক বিতরণ করবেন।
এর আগে গত ১৯ ডিসেম্বর তাদের সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে তাদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল।
সারদা পুলিশ অ্যাকাডেমি সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ জুন থেকে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে ৩৪২ জন কনস্টেবল সারদায় প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। গত ১৯ ডিসেম্বর তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। এরই মধ্যে গত ৩ জানুয়ারি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আটজনকে অব্যাহতি দেওয়া হয়।
উল্লেখ্য, এরও আগে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের ৬২ জন সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল। ২০২৩ সালের ২০ অক্টোবর ওই কর্মকর্তাদের এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে ২০ অক্টোবর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ জন্য দেড় হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র উপদেষ্টা রাজশাহীতেও এসেছিলেন। তবে আগের রাতে হঠাৎ করেই কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয়। এরপর আবার ২৪ নভেম্বর এ অনুষ্ঠানের জন্য দিন ঠিক করা হয়েছিল। পরে সেটিও স্থগিত করা হয়েছে।
এছাড়া ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন এসআই ছিলেন। তারা গত বছরের ৪ নভেম্বর থেকে সারদায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে চার ধাপে ৩২১ জন এসআইকে শোকজ করে একাডেমি। ইতিমধ্যে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮, ১৮ নভেম্বর ৩ এবং সর্বশেষ ১ জানুয়ারি ৮ জনকে অব্যাহতি দেওয়া হয়।