রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত ২৫২ জন পুলিশ কর্মকর্তা চাকরি হারাচ্ছেন। উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার এই পুলিশ কর্মকর্তাদের পর্যায়ক্রমে “ডিসচার্জ” করা হবে। বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভুঞা।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে তিনি বলেন, “প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫২ জনকে চাকরি থেকে ডিসচার্জ করা হচ্ছে। এটার প্রসেস চলছে। চিঠি ইস্যু হচ্ছে।”
পুলিশে এসআই পদে চাকরির জন্য প্রার্থীকে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। পরীক্ষা দিতে হয় কম্পিউটার চালানোর দক্ষতার ওপরও। এসব ধাপ পেরিয়ে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে।
এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী “আউটসাইড ক্যাডেট” হিসেবে সারদায় এক বছরের জন্য মৌলিক প্রশিক্ষণে অংশ নেন। এবার আউটসাইড ক্যাডেট ব্যাচে মোট ৭০৪ জন ছিলেন। সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে আউটসাইড ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পাসিং আউটের পর মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত এসআইদের পুলিশের বিভিন্ন ইউনিটে মাঠপর্যায়ে কাজে পাঠানো হয়। সেখানে একবছর পূর্ণ হলে তাদের চাকরি স্থায়ী করা হয়।
এর আগে, বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিতব্য শিক্ষানবিশ পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়। ২০ অক্টোবর সকাল ১০টায় রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগ পাওয়া এই এএসপিদের সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল।
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করার কথা ছিল। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তিনি সারদা পুলিশ একাডেমিতে শনিবার রাতেই পৌঁছান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল। তবে শনিবার রাতে হঠাৎ জানানো হয়, অনিবার্য কারণে সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে।
সাধারণত বিসিএসের মাধ্যমে নিয়োগ পেয়ে পুলিশ ক্যাডারের কর্মকর্তারা সারদার পুলিশ একাডেমিতে এক বছরের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের এই প্রশিক্ষণ শেষ হয় এবং এরপর তারা মাঠপর্যায়ে কাজে যুক্ত হন।



হঠাৎ স্থগিত ৪০তম বিসিএস এএসপিদের সমাপনী কুচকাওয়াজ