Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

হঠাৎ স্থগিত ৪০তম বিসিএস এএসপিদের সমাপনী কুচকাওয়াজ

৬২জন এএসপির চাকরিতে যোগদান অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন অনেকেই

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৬:২৭ পিএম

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিতব্য শিক্ষানবিশ পুলিশ (এএসপি) সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগ পাওয়া এই এএসপিদের সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। অনুষ্ঠান উপলক্ষে সকল ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছিল।

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করার কথা ছিল। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তিনি সারদা পুলিশ একাডেমিতে শনিবার রাতেই পৌঁছান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল। তবে শনিবার রাতে হঠাৎ জানানো হয়, অনিবার্য কারণে সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে।

সাধারণত বিসিএসের মাধ্যমে নিয়োগ পেয়ে পুলিশ ক্যাডারের কর্মকর্তারা সারদার পুলিশ একাডেমিতে এক বছরের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের এই প্রশিক্ষণ শেষ হয় এবং এরপর তারা মাঠপর্যায়ে কাজে যুক্ত হন।

কুচকাওয়াজ স্থগিত হওয়ার বিস্তারিত কোনো কারণ পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়নি। জানা গেছে “অনিবার্য কারণে” এটি স্থগিত করা হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ওই ৬২জনকে “ছাত্রলীগের ক্যাডার” উল্লেখ করে ওই অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যানের বিষয়টি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানালে এ নিয়ে আলোচনা শুরু হয়। যদিও ওই ফেসবুক পোস্টের সঙ্গে কুচকাওয়াজ স্থগিত হওয়ার কোনো যোগসূত্র আছে কি-না সেটি জানা যায়নি।

তবে, হুট করে এই কুচকাওয়াজ স্থগিত হওয়ার ফলে ৪০তম বিসিএসে মাধ্যমে পুলিশ ক্যাডারের জন্য নির্বাচিত ৬২জন এএসপির চাকরিতে যোগদান এখন অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন অনেকেই।

এদিকে, রবিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বাজারদর ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন। সেখানে সমাপনী কুচকাওয়াজ স্থগিতের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, “অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।” এর বাইরে বিষয়টি নিয়ে তিনি আর কোনো মন্তব্য করেননি।

এ সময় তার সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x