Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গ্যাস লিকেজের আগুনে ৩ মাস বয়সী শিশুর মৃত্যু, মা-বাবার অবস্থা আশঙ্কাজনক

ওই দম্পতিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৮:২৮ পিএম

গাজীপুরে সিলিন্ডারের লিকেজ দিয়ে নির্গত গ্যাসের বিস্ফোরণের পর আগুনে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ওই শিশুর বাবা-মা। দগ্ধ ওই দম্পতিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রবিবার (৩ আগস্ট) ভোরে মহানগরীর পূবাইল থানাধীন মীরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রায়হান। দগ্ধ ওই দম্পতি হলেন- মো. রিপন (২৩) ও হাফিজা আক্তার (২০)। তাদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা থানার তারিয়া বাজার এলাকায়। একটি বেসরকারি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি পদে চাকরি করেন রিপন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার স্ত্রী-সন্তান নিয়ে পূবাইল থানাধীন মীরের বাজার এলাকার নতুন ভাড়া বাসায় ওঠেন রিপন। রাতে খাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়েন। রবিবার ভোর পৌনে ৫টার দিকে সন্তানকে দুধ খাওয়ানোর জন্য পানি গরম করতে রান্নাঘরে যান হাফিজা। তিনি চুলা জ্বালাতে দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ধরে যায়। এতে গুরুতর দগ্ধ হন ওই দম্পতি ও তাদের শিশুসন্তান রায়হান। এ ঘটনায় ঘরের তোষক ও কাপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

জিএমপির পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমিরুল ইসলাম ওই হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে জানান, শিশুসহ তিনজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৮টার দিকে শিশু রায়হান মারা যায়। শিশুটির বাবার শরীরের ৮০% এবং মায়ের ৭০% দগ্ধ হয়েছে। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

তিনি আরও জানান, ঘটনার সময় ঘরের দরজা-জানালা বন্ধ ছিল। গ্যাস সিলিন্ডারের রেগুলেটর ঠিকমতো না আটকানোয় রাতভর লিকেজ দিয়ে গ্যাস নির্গত হয়ে ঘরে জমে ছিল। ফলে রান্নার জন্য দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে ওই গ্যাস আগুনের সংস্পর্শে এসে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

   

About

Popular Links

x