Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রেস উইং: মসজিদ থেকে অস্ত্র উদ্ধারের দাবিটি সত্য নয়

ছবিগুলো ২০২৪ সালের ৭ আগস্ট তোলা

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০১:২৩ পিএম

রাজধানী ঢাকার খিলগাঁও থানা থেকে জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র সম্প্রতি স্থানীয় একটি মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ওই ছবিগুলো সাম্প্রতিক নয়; ছবিগুলো ২০২৪ সালের ৭ আগস্ট তোলা বলে ফ্যাক্ট-চেক অনুসন্ধানে উঠে এসেছে।

রবিবার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট-চেক থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফ্যাক্ট-চেক অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সত্য নয়। মূলত ২০২৪ সালে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা পুলিশি বর্বরতার মুখে রাজধানীর খিলগাঁও থানা লুট করে এবং শেখ হাসিনার পদত্যাগের পর ৭ আগস্ট এলাকাবাসী লুট হওয়া অস্ত্র মসজিদে জমা করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।

আলোচিত ছবিগুলোর রিভার্স ইমেজ সার্চ করে ৭ আগস্ট ২০২৪ তারিখে “তরুণ প্রজন্ম – Torun Projonmo” ফেসবুক পেইজে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে দাবি করা হয়, “খিলগাঁও থানা থেকে লুট হওয়া অস্ত্র জনতার সহযোগিতায় উদ্ধার করে প্রশাসনের কাছে পৌঁছে দিচ্ছেন ইমাম ও আলেমগণ।” পোস্টে সংযুক্ত ছবিগুলো ভাইরাল ছবির সঙ্গে হুবহু মিলে যায়।

এছাড়াও, কী-ওয়ার্ড সার্চ করে এই বিষয়ে জাতীয় গণমাধ্যমে একাধিক সংবাদ পাওয়া যায়। গতবছরের ৭ আগস্ট চ্যানেল টোয়েন্টিফোর-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “রাজধানীর খিলগাঁও থানা থেকে লুট হওয়া শতাধিক আগ্নেয়াস্ত্র খিলগাঁও ঈমানবাগ জামে মসজিদে উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে। ৭ আগস্ট দুপুরে এলাকাবাসীর সহযোগিতায় এসব অস্ত্র ফেরত দেওয়া হয়। ৫ আগস্ট ছাত্র-জনতা পুলিশের শতাধিক অস্ত্র দখল করেছিল। তবে কেন অস্ত্রগুলো লুট করা হয়েছিল—এমন প্রশ্নের জবাবে এলাকাবাসীর অনেকে জানান, সেদিন পুলিশবাহিনী এসব অস্ত্র দিয়ে সাধারণ ছাত্র-জনতার ওপর গুলি চালাতে পারে সেই আশঙ্কায় অস্ত্রগুলো লুট করা হয়েছিল।”

সুতরাং, খিলগাঁওয়ের মসজিদ থেকে এক বছর পর সাম্প্রতিক সময়ে অস্ত্র উদ্ধারের দাবি সম্পূর্ণ মিথ্যা।

   

About

Popular Links

x