বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে একটি বন্য হাতির পায়ের গোড়ালি উড়ে গেছে। আহত হাতিটি এখন নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালার চেরারমাঠের ঐট্টাইল্যাঝিরিতে আছে।
সোমবার (১১ আগস্ট) বেলা ৩টার দিকে এই তথ্য জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি বনরেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক সরকার।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। সেখানে গিয়ে দেখতে পান, একটি বন্য হাতি সেখানে আটকা পড়েছে। হাতিটির ডান পায়ে গোড়ালির একটি অংশ নেই। বিষয়টি তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।
ধারণা করা হচ্ছে, মিয়ানমারের ওপারের সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে হাতিটি আহত হয়েছে।
স্থানীয় চেরারমাঠের এক বাসিন্দা জানান, হাতিটি মিয়ানমারের না বাংলাদেশের বোঝা যাচ্ছে না। কারণ, বাংলাদেশের অনেক বন্য হাতি খাবারের সন্ধানে মিয়ানমারে যায়। খাবার খেয়ে সন্ধ্যায় আবার ফিরে আসে। হয়তো আসার সময় মিয়ানমারের বসানো স্থলমাইনে তার পায়ের গোড়ালি উড়ে গেছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, তিনি সকালে বিষয়টি শোনামাত্র বন বিভাগকে জানান। হাতিটির বিষয়ে কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।



