Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাবদা মাছবোঝাই পিকআপ খাদে, মাছ ধরতে স্থানীয়দের ভিড়

কেউ ১৫ কেজি, কেউ আধা মণ পর্যন্ত মাছ পেয়েছেন

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৫:২০ পিএম

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পাবদা মাছবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এরপর সেই মাছ ধরতে ভিড় করেন স্থানীয় লোকজন।

শুক্রবার (১৫ আগস্ট) ভোরে ডাঙ্গী ইউনিয়নের যদুরদিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে।

জানা গেছে, পাবদা মাছবোঝাই পিকআপটি বৃহস্পতিবার রাতে ফরিদপুর থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৩টার দিকে যদুরদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা মাছের ঝুড়িগুলো পানিতে তলিয়ে যায় এবং ছড়িয়ে পড়ে। ভোর সাড়ে ৫টার দিকে রেকার দিয়ে পিকআপটি তোলা হয়। ওই সময় গাড়ির লোকজন যতটা সম্ভব মাছ উদ্ধার করে গাড়ি নিয়ে চলে যান।

স্থানীয়রা জানান, সকাল ৬টা থেকে আশপাশের গ্রাম থেকে মানুষ এসে খাদে নেমে মাছ ধরতে শুরু করেন। মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়েন নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ-সবাই। কেউ খ্যাপলা জাল, কেউ গামছা, আবার কেউ হাত দিয়ে মাছ ধরতে থাকেন। মহাসড়কের ধারে দাঁড়িয়ে বহু মানুষ এ দৃশ্য উপভোগ করেন।

মাছ ধরার খবর শুনে সেখানে এসেছিলেন ভাঙ্গার মহেশ্বর্দী গ্রামের মাইনুদ্দীন আহমেদ (৩৫)। তিনি বলেন, “সবাই পাবদা মাছ ধরছেন। কেউ খালি হাতে ফেরেননি। কেউ ১৫ কেজি, কেউ আধা মণ পর্যন্ত মাছ পেয়েছেন।”

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, “আজ ভোরে নগরকান্দার যদুরদিয়ায় মাছবোঝাই একটি পিকআপ খাদে পড়ে যায়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।”

   

About

Popular Links

x