সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৫ জুলাই) দুপুর ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে সংঘটিত এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে দুজনের মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক রাত ১১টার তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার নয়াবস্তি এলাকার মহরম মিয়ার ছেলে সাকিব (১৬), ছৈলাখেল এলাকার হবি মিয়ার ছেলে রায়হান (১৬) এবং লাখেরপাড় এলাকার রাজ্জাকের ছেলে জয় (১৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে একটি পালসার মোটরসাইকেলে করে তিন কিশোর রাধানগর বাউরভাগ চা-বাগান সড়ক দিয়ে রাধানগর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাকিব নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত রায়হান ও জয়কে উদ্ধার করে প্রথমে সিলেটের নুরজাহান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৭টার দিকে রায়হানের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জয়কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে তারও মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক জানান, নিহত তিন বন্ধুর লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



