গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নয়াপাড়া হাজীবাড়ী গ্রাম থেকে ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. রাতুল (২৪) নয়াপাড়া হাজীবাড়ী গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর মৃত্যুদিবস উপলক্ষে কাঙালিভোজের আয়োজনের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় লোকজন জানান, রাতুল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক নাসির মোড়লের সঙ্গে রাজনীতি করতেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা ছিল।
শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মনি বলেন, “বিশাল আয়োজন করে রাতুল নামের এক ছাত্রলীগ কর্মীর বাড়িতে শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খিচুড়ি রান্না করা হচ্ছিল। বিষয়টি জানাজানি হলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আবদুল বারিক বলেন, “রাতুল ইউনিয়ন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। তার নামে একটি মামলা ছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
তবে খিচুড়ি রান্নার বিষয়টি তিনি জানেন না বলে দাবি করেছেন।



