নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান না পর্যন্ত কোনো ভিসা ইস্যু করে না মার্কিন যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভিসা সংক্রান্ত এক পোস্টে ঢাকার মার্কিন দূতাবাস এ কথা জানায়।
দূতাবাসের ফেসবুকে করা পোস্টে উল্লেখ করা হয়, ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার দৃঢ় প্রতিজ্ঞ। যতক্ষণ না সব ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান হয়, ততক্ষণ পর্যন্ত কোনো ভিসা ইস্যু করা হয় না।
এছাড়া ভুয়া নথিপত্র দাখিলকারী আবেদনকারীদের কোনো ভিসা দেওয়া হয় না এবং তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এবং সংশ্লিষ্ট দেশেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি ছয় হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গ ও মেয়াদোত্তীর্ণ অবস্থায় থেকে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
স্টেট ডিপার্টমেন্টের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বেশির ভাগ ক্ষেত্রেই ভিসাধারীরা হামলা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, চুরিসহ নানা অপরাধে জড়িত ছিলেন। এছাড়া সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগেও অনেকের ভিসা বাতিল করা হয়েছে।
বিবিসি প্রতিবেদনে বলছে, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসননীতি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নজরদারির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও সন্ত্রাসবাদে সহায়তা বলতে কী বোঝানো হয়েছে, তা পরিষ্কারভাবে উল্লেখ করেনি স্টেট ডিপার্টমেন্ট।
তবে ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়া কিছু শিক্ষার্থীকেও লক্ষ্যবস্তু করেছে। ট্রাম্প প্রশাসনের দাবি, তারা ইহুদি-বিরোধী আচরণ করেছেন।



