সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটনকেন্দ্রকে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় আনার নির্দেশনা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেছুর রহমান। পাশাপাশি অবৈধ পাথর উত্তোলন রোধে স্থায়ী নজরদারি জোরদারের নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
শুক্রবার (২২ আগস্ট) সকালে মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধি দল নিয়ে সাদা পাথর পর্যটন স্পট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
ড. মোখলেছুর রহমান বলেন, “সাদা পাথরের মতো একটি আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে এমন ভয়াবহ লুটপাট দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। পর্যটকদের জন্য নিরাপদ ও আকর্ষণীয় পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়। আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করতে চাই। কারণ, সবার আগে আমাদের কাছে দেশ বড়।”
সাদা পাথর রক্ষায় যোগ্য কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এরই মধ্যে আগের ডিসিকে প্রত্যাহার করে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। এখানকার ইউএনওকে বদলি করা হয়েছে। নতুন কর্মকর্তারা সাদা পাথর রক্ষায় কাজ করবেন।”
এর আগে, সকালে সাদা পাথর পর্যটনকেন্দ্রে পৌঁছে মোখলেছুর রহমান মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পুরো এলাকা ঘুরে দেখেন। এ সময় লুটপাটের চিহ্ন চোখে পড়ায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত তদন্ত কমিটির সদস্যরা তার সঙ্গে ছিলেন।
এছাড়া, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন নবী, জেলা প্রশাসক (ডিসি) সারোয়ার আলমসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



পাথর লুট: আলোচনায় ৪২ জনের তালিকা