মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২৯ মে) রাত ৮টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার শেষে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, লাইনচ্যুত তেলবাহী ওয়াগনের বগিটি হাইড্রোলিক টুলব্যানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের খালি একটি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে আখাউড়া থেকে উদ্ধারকারী টুলব্যান এনে রাত ৮টার দিকে বগিটি উদ্ধার করা হয়। এ সময় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে।



