Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রেনে চালু হলো নারীদের জন্য আলাদা বগি

সড়ক পরিবহন মন্ত্রী জানান, প্রতিটি আন্তঃনগর ট্রেনে এ সুবিধা চালু হবে 

আপডেট : ২৫ মে ২০২৬, ০৩:৪৭ পিএম

আন্তঃনগর ট্রেন সোনার বাংলা এবং জয়ন্তিকা এক্সপ্রেসে নারী যাত্রীদের জন্য আলাদা বগি সংরক্ষিত রাখা হয়েছে। ঈদের পরে প্রতিটি আন্তঃনগর ট্রেনে এই সুবিধা রাখা হবে বলে জানিয়েছেন সড়ক, রেল এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে ৬৫ বছর ও তদূর্ধ্ব বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী যাত্রীদের ভাড়ায় ২৫% ছাড় দেওয়ার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

সড়ক মন্ত্রী বলেন, “ঈদযাত্রার সময় নারী যাত্রীরা অতিরিক্ত ভিড়ের কারণে নানা সমস্যার মুখে পড়েন। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী রবিবার গভীর রাতে ফোন করে আন্তনগর ট্রেনে নারীদের জন্য একটি কোচ সংরক্ষণের নির্দেশ দেন।”

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরপরই রেল সচিবের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তবে সব ট্রেনের টিকিট আগেই বিক্রি হয়ে যাওয়ায় তা বাস্তবায়নে কিছু জটিলতা ছিল।

মন্ত্রী আরও বলেন, “সরকার ঘোষণা দিয়েছিল যে ঈদ-উল-আজহার আগেই মেট্রোরেল ও বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনে প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য ভাড়ায় ২৫% ছাড় কার্যকর করা হবে। আজ সোমবার থেকে তা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।”

শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র একীভূত ও যাচাইয়ের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এ কারণে শিক্ষার্থীদের জন্য ছাড় কার্যকর করতে আরও কিছু সময় লাগবে। ঈদের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।”

   

About

Popular Links

x