Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধর্মপাশার ধারাম হাওড়ে ট্রলারডুবি, শিশু ও বৃদ্ধ নিখোঁজ

দুপুর ১২টার দিকে ধর্মপাশা উপজেলার ধারাম হাওড়ে এই ঘটনা ঘটে

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৫:০৫ পিএম

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধারাম হাওড়ে ট্রলারডুবির ঘটনায় এক শিশু ও বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শিশু নূসরাতের (৭) বাড়ি উপজেলার কান্দাপাড়া গ্রামে এবং সামছুদ্দিনের (৬০) বাড়ি কেশবপুর গ্রামে।

শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে ধর্মপাশা উপজেলার ধারাম হাওড়ে এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে কান্দাপাড়া গ্রাম থেকে সাতজন নারী-পুরুষ ও শিশু পাশের জয়শ্রী ইউনিয়নের মহেষপুর গ্রামে কনে দেখতে যাচ্ছিলেন। ধারাম হাওড়ের মাঝপথে পৌঁছালে প্রবল ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা সাতজনের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। কিন্তু শিশু নূসরাত ও সামছুদ্দিন পানিতে তলিয়ে যান। এ সময় সাঁতরে উঠতে গিয়ে আহত হন শিশু নূসরাতের বাবা বাবুল মিয়া। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, নিখোঁজ দুইজনকে উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এছাড়া স্থানীয় লোকজনও জাল ফেলে নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, “নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে। ইউএনও (উপজেলা নির্বাহী অফিসার), ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ও আমরা ঘটনাস্থলে আছি।”

   

About

Popular Links

x