Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মৎস্য উপদেষ্টা: ইলিশের উৎপাদন বাড়াতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে

কারেন্ট জাল ও অন্যান্য জালের কারণে ইলিশের প্রাপ্যতা কমে যাচ্ছে বলে জানান তিনি

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৭:৩৮ পিএম

ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা সুরক্ষা ও প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে অভিযান পরিচালনাসহ কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে বরিশাল ক্লাব মিলনায়তনে এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদা আখতার।

তিনি বলেছেন, ‘‘অবৈধ জাল ও জাটকা নিধন পুরোপুরি বন্ধ না হওয়াসহ প্রাকৃতিক নানা কারণে ইলিশের উৎপাদন কমেছে। এ ক্ষেত্রে নদীর নাব্যতা হ্রাস, জলবায়ু পরিবর্তন, ইলিশের অভয়াশ্রম-সংলগ্ন নদীর তীরে কথিত উন্নয়ন প্রকল্প দায়ী।” এছাড়াও ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা সুরক্ষা ও প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে অভিযান পরিচালনাসহ কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

মৎস্য উপদেষ্টা বলেন, ‘‘কারেন্ট জাল ও অন্যান্য জালের কারণে ইলিশের প্রাপ্যতা কমে যাচ্ছে। এগুলোর বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিচ্ছি, অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরা বন্ধ করছি। আশা করি, ভবিষ্যতে উৎপাদন বাড়বে এবং দামও কমবে।’’

ইলিশের দাম প্রসঙ্গে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘‘ইলিশের আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণে নদী থেকে বাজারে আসা পর্যন্ত যেভাবে হাত বদল হয়, সেটি বন্ধ করার পরিকল্পনা আছে।”

কর্মশালার বিষয় নিয়ে তিনি জানান, চারণভূমিতে পরিকল্পনা ছাড়াই অনেক কিছু গড়ে উঠছে, যা কোনোভাবেই কাম্য নয়। এর কারণে মহিষের মতো গুরুত্বপূর্ণ প্রাণিসম্পদ ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে সঠিক নীতিনির্ধারণ ও যথাযথ ব্যবস্থা নিতে পারলে চারণভূমিগুলোকে রক্ষা করা যাবে। এর মাধ্যমে মহিষের মাংসের উৎপাদন বাড়াতে পারলে দেশে মাংসের সরবরাহ বাড়ানো যাবে।

   

About

Popular Links

x