গোপালগঞ্জের কাশিয়ানীতে তিন সন্তানের জননী এক নারীকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টের কর্মচারী রাকিব মোল্লাকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার পর পলাতক রয়েছেন রেস্টুরেন্ট মালিক মজনু মোল্লা।
বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার গোপালপুর কুটুম বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রাকিব মোল্লা উপজেলার পোনা গ্রামের বাসিন্দা। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাকিব মোল্লা এবং ভুক্তভোগী নারী উভয়ই "কুটুমবাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টে" কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। রাকিব বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী নারীকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন।
ওই নারী রাজি না হওয়ায় অভিযুক্ত ব্যক্তি সুযোগ খুঁজতে থাকেন। এক পর্যায়ে গত ১৪ মার্চ রুম পরিস্কার করার কথা বলে কৌশলে তাকে হোটেলের একটি নির্জন কক্ষে ডেকে নিয়ে যান রাকিব। সেখানে হোটেলের মালিক মজনু মোল্লার সহযোগিতায় রাকিব ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন।
গত ২৫ মার্চ ওই নারী হোটেল মালিক মজনু মোল্লা ও কর্মচারী রাকিব মোল্লাকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “প্রধান আসামি হোটেল কর্মচারী রাকিব মোল্লাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছি। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।”



