Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

কোম্পানীগঞ্জের দয়ারবাজার সীমান্ত এলাকার ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পিএম

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তে ভারতের খাসিয়া সম্প্রদায়ের এক  ব্যক্তির ছোঁড়া ছররা গুলিতে মো. সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার সীমান্ত এলাকার ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

নিহত মো. সালেহ আহমেদ কোম্পানীগঞ্জের দয়ারবাজারের কারবালার টুকের মৃত বিরাম আলীর ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তিনজন বাংলাদেশি যুবক আনুমানিক ১ কিলোমিটার ভারতের অভ্যন্তরে চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় প্রবেশ করে। পরবর্তীতে বাংলাদেশি নাগরিকগণ খাসিয়াদের সুপারি বাগানের একাংশে অবস্থান করলে ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের লোকজন সুপারি চোর সন্দেহে বন্দুক দিয়ে কয়েক রাউন্ড ছররা গুলি ছুঁড়ে। এসময় বাংলাদেশি নাগরিক মো. সালেহ আহমেদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরবর্তীতে তার সঙ্গে থাকা অপর দুইজন বাংলাদেশি ব্যক্তি তাকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ অনুপ্রবেশকারী তিনজনের বিরুদ্ধেই ইতোপূর্বে চোরাচালান মালামাল পরিবহনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, “পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে।”

   

About

Popular Links

x