ধর্ম অবমাননা ও কটুক্তির অভিযোগের মামলায় জামিন পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১ টা ২০ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হন তিনি। জেলসুপার হালিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
আবুল সরকার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার চর তিল্লী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। তিনি অসুস্থ থাকায় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
হালিমা খাতুন জানান, জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছলে যাচাই-বাছাই শেষে আর কোনো মামলা না থাকায় তাকে মুক্তি দেওয়া হল।
গত বছর ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালা গানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা করে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তার মন্তব্যের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।
এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন সকালে তাকে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে আনা হয়। পরে ওইদিন দুপুরে ঘিওর উপজেলার মুফতি আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় মামলা করেন।
ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে এ মামলায় তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। শুনানী শেষে ৫ এপ্রিল বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দেন।



