Tuesday, August 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত শিক্ষার্থী-চালকসহ অন্তত ১০

আহতদের জরুরি ভিত্তিতে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১০:০৫ পিএম

স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী “কালীগঙ্গা” পরিবহনের একটি বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে চালকসহ অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বাসটি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বনদক্ষিণ বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়দের হামলার মুখে পড়ে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মাহিদ হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী চালকসহ অনেকে আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের মাথা ফেটে যাওয়ার খবরও পাওয়া গেছে।

জবির পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক জানান, মানিকগঞ্জে তাদের একটি বাসে স্থানীয়রা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বাসের গ্লাস ভাঙচুর করে। এতে আনুমানিক ১০ জন শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।

হামলার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “হামলার শিকার বাসটি এর আগে একটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করেছিল। কিন্তু অটোরিকশাচালক সাইড না দেওয়ায় শিক্ষার্থীরা বাস থেকে নেমে সম্ভবত ওই চালককে ধাক্কা দেন। এরই জেরে স্থানীয় লোকজন বাসে হামলা চালায়।“

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “সিংগাইর সড়কে একটি দুর্ঘটনার জেরে স্থানীয়রা বাসটিকে টার্গেট করে হামলা চালায়। তবে তদন্তে নিশ্চিত হওয়া গেছে, প্রকৃতপক্ষে জবির বাসটি ওই দুর্ঘটনার সঙ্গে জড়িত ছিল না স্থানীয়রা ভুল বোঝাবুঝির কারণে বাসটিকে দায়ী মনে করে হামলা চালিয়ে থাকতে পারে।“

তিনি আরও জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর তার সঙ্গে যোগাযোগ করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে জবির পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বলেন, “ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে মামলার বিষয়ে কথা হয়েছে এবং হামলায় নেতৃত্বদানকারী কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। স্থানীয় পুলিশের সঙ্গেও যোগাযোগ হয়েছে এবং শিগগিরই মামলা রুজু করা হবে। এছাড়া আমি নিজে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছি।“

   

About

Popular Links

x