রাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিজিট (ফি) নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়ন, শিশু হাসপাতাল চালু এবং সরকারি হাসপাতালে লাশ পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্য নিরসনসহ ছয় দফা দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন পরিবেশ আন্দোলন (বাপা)।
বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজশাহীর জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে এসব দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, রাজশাহীতে কতিপয় বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিজিট বেড়ে ১,৫০০ টাকা করা হয়েছে। ফলে উত্তর ও দক্ষিণ অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে রাজশাহীতে আসা নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠী প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে।
হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণ এবং রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা প্রদানের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়েছে, সরকারি ও বেসরকারি হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এবং সুস্থতার পথে বাধা সৃষ্টি করছে।
সরকারি হাসপাতালে লাশ পরিবহনে দীর্ঘদিন ধরে একটি অসাধু সিন্ডিকেট অতিরিক্ত অর্থ আদায় করছে বলেও অভিযোগ করা হয়। এতে শোকাহত পরিবারগুলোকে চরম ভোগান্তি ও অমানবিক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ সিন্ডিকেট বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।
এছাড়া, রাজশাহীতে নির্মিত বিশেষায়িত শিশু হাসপাতাল কয়েক বছর আগে সম্পন্ন হলেও এখনো চালু হয়নি। ফলে শিশুদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানানো হয় এবং গণসচেতনতা বৃদ্ধি, সরকারি হাসপাতালের অবকাঠামো ও জনবল বৃদ্ধি করার দাবিও স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে।
রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে স্মারকলিপি একই স্মারকলিপির অনুলিপি রাজশাহী বিভাগীয় কমিশনারসহ প্রতিমন্ত্রী ও সচিব ছাড়াও সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করা হয়েছে।



