জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদকক্ষে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নির্দেশনা দিয়েছেন।
চিফ হুইপ নূরুল ইসলাম সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “অধিবেশন চলাকালে যেন কেউ মোবাইল ফোনে কথা না বলেন এবং ছবি তোলা থেকেও বিরত থাকেন।“
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় অধিবেশন চলাকালে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার একপর্যায়ে তিনি বলেন, “অনেক সংসদ সদস্যের মোবাইল ফোনে কথা বলার শব্দ সংসদকক্ষ জুড়ে শোনা যাচ্ছে, যা বক্তা ও শ্রোতাদের জন্য বিঘ্ন সৃষ্টি করছে।“
এর পরিপ্রেক্ষিতে চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, “বিষয়টি সংসদ সদস্যরা নিশ্চয়ই অনুধাবন করেছেন এবং এখানেই এর সমাধান হওয়া উচিত।”
তিনি আরও আহ্বান জানান, প্রয়োজন হলে সংসদ সদস্যরা যেন কক্ষের বাইরে গিয়ে মোবাইল ফোনে কথা বলেন।
পাশাপাশি, কোনো সদস্য স্পিকারের সঙ্গে কথা বলার সময় অন্যদের অপ্রয়োজনীয় চলাচল থেকেও বিরত থাকার অনুরোধ জানান তিনি।
সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও শৃঙ্খলা বজায় রাখতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।



