Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেট্রোরেল: ভাটারা থেকে সাভারের হেমায়েতপুর যেতে সময় লাগবে ৩২ মিনিট

ঢাকার যাতায়াত ব্যবস্থায় আসছে বৈপ্লবিক পরিবর্তন

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পিএম

রাজধানীর পূর্ব ও পশ্চিম প্রান্তের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে দ্রুতগতিতে এগিয়ে চলছে মেট্রোরেলের উত্তর রুট প্রকল্পের কাজ। ২০৩০ সালের মধ্যে ২০ কিলোমিটার দীর্ঘ এই মেট্রোরেল পথটি চালু হলে ভাটারা থেকে সাভারের হেমায়েতপুর পৌঁছাতে সময় লাগবে মাত্র ৩২ মিনিট।

মাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৫ এর দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, নতুন রুটের উন্নয়ন কাজ ১০টি প্যাকেজে বিভক্ত এবং ২০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ ও ভূমির উঁচুতে (এলিভেটেড) রুট নির্মাণের কাজ চলছে।

তিনি বলেন, ‍“বর্তমানে হেমায়েতপুর ডিপোর ভূমি উন্নয়ন কাজ দ্রুত এগোচ্ছে এবং প্রায় ৭৮% কাজ সম্পন্ন হয়েছে। রুটটি ২০৩০ সালের মধ্যে চালু হওয়ার আশা করা হচ্ছে। এদিকে মূল ট্র্যাক ও স্টেশনের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে।”

ভূগর্ভস্থ স্টেশনগুলো নির্মিত হবে গাবতলী, দারুস সালাম, মিরপুর-১, মিরপুর-১০, মিরপুর-১৪, কচুখেত, বনানী, গুলশান-২ এবং নতুনবাজারে। এলিভেটেড স্টেশনগুলো হবে হেমায়েতপুর, বালিয়ারপুর, বিলামালিয়া, আমিনবাজার এবং ভাটারায়।

প্রকল্পের বিস্তারিত বিবরণ অনুযায়ী, নর্দার্ন রুট নামে পরিচিত এই রুট হবে ঢাকার প্রথম পূর্ব-পশ্চিম মেট্রো রেল। এতে ১৪টি স্টেশন থাকবে, যার মধ্যে ৯টি ভূগর্ভস্থ। প্রতিদিন ১২.৩ লাখ যাত্রী পরিবহন করার লক্ষ্য রয়েছে।

বর্তমানে ভাটারা থেকে হেমায়েতপুর যাতায়াত করতে যানজটের কারণে কয়েক ঘণ্টা সময় ব্যয় হলেও, মেট্রো রেল চালু হলে এই দীর্ঘ পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র ৩২ মিনিট। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর চিরচেনা যানজট থেকে নগরবাসী বড় ধরনের মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

   

About

Popular Links

x