Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘মব’ তৈরি করে সাংবাদিককে মারধর করেন জামায়াত নেতা

‘৯৯৯’-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাব্বিকে উদ্ধার করে

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পিএম

রংপুরের মিঠাপুকুরে দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রাব্বিকে ‘মব’ তৈরি করে অপহরণের চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা কাওসার ও তার সহযোগীদের বিরুদ্ধে। 

বুধবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার বৈরাতিহাট বাজারে এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক রাব্বি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিনের বেলা রাব্বির প্রতিবেশী এক তরুণী তার প্রেমিক তাওহীদের সঙ্গে স্থানীয় একটি বিনোদন কেন্দ্রে যান। তাওহীদ স্থানীয় জামায়াত কর্মী হিসেবে পরিচিত। বিষয়টি জানতে পেরে ওই তরুণীর চাচা আমিনুর রহমান সাংবাদিক রাব্বির মোটরসাইকেলে করে সেখানে যান এবং আপত্তিকর অবস্থায় তাদের দেখে তরুণীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ সময় তাওহীদ স্বজনদের কাছে ক্ষমা চেয়ে চলে যান।

এই ঘটনা জানাজানি হওয়ার পর রাত ১১টার দিকে ৫টি মোটরসাইকেলে করে জামায়াত নেতা কাওসারের নেতৃত্বে একদল লোক বৈরাতি বাজারে আসে। সেখানে একটি চায়ের দোকানে বসে থাকা সাংবাদিক রাব্বিকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন কাওসার। তার মোটরসাইকেল কেন ব্যবহার করা হলো এবং তাওহীদের প্রেমিকাকে কেন তার স্বজনরা নিয়ে আসলো, এই অজুহাতে রাব্বিকে মারধর শুরু করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা সাংবাদিক রাব্বিকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ সময় সাধারণ মানুষ বাধা দিলে জামায়াত নেতা কাওসার চিৎকার করে বলেন যে, প্রশাসন তাদের কথায় চলে এবং কেউ বাধা দিলে তাকেও দেখে নেওয়া হবে।

উপায় না দেখে স্থানীয়রা জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করলে মিঠাপুকুর থানা থেকে এএসআই অজয় কুমারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাব্বিকে উদ্ধার করে। তবে পুলিশ আসার পর কাওসার ও তার দলবল প্রকাশ্যে হুমকি দেয় যে, উপজেলা সদরে রাব্বিকে পাওয়া গেলে তাকে ‘সাইজ’ করা হবে।

বর্তমানে সাংবাদিক রাব্বি নিরাপত্তার অভাবে তার বাড়িতে এক প্রকার অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। তিনি বলেন, “আমি চরম নিরাপত্তা হীনতায় ভুগছি এবং পেশাগত কাজে উপজেলা সদরে যেতে পারছি না। আমি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও হামলাকারীদের বিচার দাবি করছি।”

এ বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতা কাওসারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।

শুক্রবার বিকেলে রংপুর জেলা জামায়াতের সভাপতি ও রংপুর-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রাব্বানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তিনি আগে জানতেন না। তবে ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

মিঠাপুকুর থানার বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে তারা অবহিত। ভুক্তভোগী সাংবাদিকের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

   

About

Popular Links

x