শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের মোট জনসংখ্যার ২৭ শতাংশ তরুণ হলেও তাদের মধ্যে ধৈর্য এবং গভীরভাবে কোনো বিষয় বিশ্লেষণের ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে। এমনকি ভাইরাল হওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে।
রবিবার (২৬ এপ্রিল) গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং উদ্ভাবকদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।
এসময় এ দেশের ২৭ শতাংশ তরুণ উল্লেখ করে তাদের, ‘ইনস্ট্যান্ট কফির’ সঙ্গে তুলনা করেছেন। এই প্রজন্ম কী করে গবেষণার দিকে এগিয়ে যাবে উদ্বেগ প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, “তরুণ প্রজন্মের কাছে ফেসবুকে ভাইরাল হওয়ার স্বপ্ন একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমনকি ইউনিফর্ম পরেও তাদের শিক্ষক ও মন্ত্রীদের বিরুদ্ধে বাজে উক্তি করতে দেরি করে না। তার মানে আমাদের ইয়াং জেনারেশনকে নৈতিকতা বিবর্জিত কোন জায়গায় নিয়ে যাচ্ছি? আমরা কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছি না।”
মন্ত্রী বলেন, “আপনি কি ভেবে দেখেছেন, এখনকার সময়ে অনেকেই ফেসবুকে লাইভে এসে এমনভাবে মন্তব্য করেন, যা একেবারেই অযাচিত ও অসংলগ্ন। তারা ‘হাই’, ‘গো অ্যাহেড’, ‘ডু আ রিসার্চ’ এ ধরনের নানা মন্তব্য করেন। এটি অনেক সময় উদ্দেশ্যহীনভাবে ছড়িয়ে পড়ে। ফলে ফেসবুক লাইভ দেখা এবং ভাইরাল হওয়ার একটি প্রবণতা তৈরি হয়েছে।”



