দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা বা ভাইভা নেওয়া হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে।
সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই পরিকল্পনার কথা জানান। এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিলো।
শিক্ষামন্ত্রী বলেন, “বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদের লিখিত পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা চিন্তা করছি, মৌখিক পরীক্ষায় যেকোনো ধরনের স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব ঠেকাতে এআই সিস্টেম ব্যবহার করব। এ নিয়ে বর্তমানে কাজ চলছে।”
নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে বুয়েটের মাধ্যমে ওএমআর শিটগুলো প্রক্রিয়াকরণ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, “ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে আগে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠত। শিক্ষকদের সাথে কমিটির দ্বন্দ্ব এড়াতে এখন মন্ত্রণালয় এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে, যাতে যোগ্য প্রার্থীরাই নেতৃত্বে আসতে পারেন।”



