Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেট্রোরেলের কারণে বাড়ছে ঢাকার তাপমাত্রা

গবেষকরা একে ‘হিট করিডোর’ বা স্থানিক তাপমাত্রা বৃদ্ধি বলছেন

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৯ পিএম

রাজধানীর উত্তরা থেকে মিরপুর হয়ে মতিঝিল পর্যন্ত প্রতিদিনের যাতায়াত সহজ করে দিয়েছে মেট্রোরেল। কিন্তু সম্প্রতি এক গবেষণায় জানা গেলো, এই মেট্রোরেলের কারণে বেড়ে গেছে রাজধানীর বেশ কয়েকটি অঞ্চলের তাপমাত্রা।

উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার মেট্রোরেল করিডোর এবং এর দুইপাশের প্রায় ৫০০ মিটার এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। গবেষকরা এই পুরো বিষয়টিকে বলছেন ‘হিট করিডোর’ বা স্থানিক তাপমাত্রা বৃদ্ধি।

২০১৫-২৩ সাল পর্যন্ত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে তারা দেখেছেন, করিডোরজুড়ে ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ৩৩.৩ ডিগ্রিতে পৌঁছেছে।

এতে বিশেষভাবে উঠে এসেছে এমআরপি লাইন ৬ এর মতো এলিভেটেড রুটের প্রভাব। ল্যান্ডসেট স্যাটেলাইটের থার্মাল ডেটা বিশ্লেষণে দেখা যায়, ২০১৫–১৬ অর্থাৎ নির্মাণের সময় এই অঞ্চলের গড় ল্যান্ড সারফেস টেম্পারেচার ছিল ২৭–২৮ ডিগ্রি সেলসিয়াস, যা পরবর্তী বছরগুলোতে ধাপে ধাপে ৩০, ৩২ এবং ৩৩ ডিগ্রিতে পৌঁছেছে। 

গবেষকদের মতে, ব্যবহৃত কংক্রিট ও নির্মাণসামগ্রী অতিরিক্ত তাপ শোষণ করে এই প্রবণতাকে ত্বরান্বিত করছে।

তাপমাত্রা বৃদ্ধির পেছনে তিনটি প্রধান কারণ চিহ্নিত করা হয়েছে। কারণগুলো হলো- নির্মাণের সময় গাছপালা অপসারণ, কংক্রিট কাঠামোর উচ্চ তাপ ধারণ ক্ষমতা এবং উড়ালপথ ও স্টেশনের কারণে প্রাকৃতিক বায়ু চলাচলে বাধা।

বিশেষ করে এলিভেটেড স্ট্রাকচারগুলো সরাসরি সূর্যালোক গ্রহণ করে বেশি তাপ শোষণ করে, ফলে এদের প্রভাব আরও তীব্র।

এছাড়া, করিডোরে তৈরি হয়েছে এক ধরনের ‘ডাবল লেয়ার’বা তাপ ফাঁদ। নিচে রয়েছে প্রচলিত পিচঢালাই রাস্তা এবং তার ওপরে মেট্রোরেলের এলিভেটেড কাঠামো। ফলে এখন দুইটি স্তর তাপ শোষণ করছে। উপরের স্তর নিচের স্তরের তাপ নির্গমনকে আংশিকভাবে আটকে দেয়, যার ফলে পুরো এলাকা একটি বদ্ধ করিডোরের মতো আচরণ করে এবং তাপ আটকে থাকে—ফলে তাপমাত্রা আরও বেড়ে যায়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সহসভাপতি শেখ মোহাম্মদ মেহেদী হাসান মনে করেন, মেট্রোরেলের মতো অবকাঠামোর বিকল্প না থাকলেও পরিকল্পনাগত সীমাবদ্ধতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, সিঙ্গাপুর-এ মেট্রোরেল করিডোরে তাপমাত্রা বৃদ্ধি মাত্র ০.৫ থেকে ১.৫ ডিগ্রি এবং জাপান-এ ১.৫ থেকে ২ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ। সেই তুলনায় ঢাকায় ৩ থেকে ৫ ডিগ্রি বৃদ্ধি স্পষ্টতই উদ্বেগজনক এবং পরিকল্পনার ঘাটতির ইঙ্গিত দেয়।

এই পরিস্থিতি মোকাবিলায় সবুজায়নের ওপর জোর দেন এই গবেষক। মেট্রোরেলের পিলারের পাশে লতাজাতীয় গাছ লাগানো, স্টেশন ও আশপাশের ভবনের ছাদে ছাদবাগান তৈরি, এবং করিডোরজুড়ে খোলা সবুজ জায়গা বৃদ্ধি, এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা গেলে তাপমাত্রা নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে তিনি মনে করেন।

   

About

Popular Links

x