রাজধানীর শাহবাগ স্টেশনের হাই-ভোল্টেজ ট্র্যাকে একটি বিড়াল ঢুকে পড়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল মেট্রোরেল চলাচল।
শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। প্রায় আধাঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় রেল চলাচল।
জানা গেছে, বেলা সাড়ে ১১টার পরপর শাহবাগ স্টেশনের বৈদ্যুতিক লাইনে একটি বিড়াল উঠে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা এড়াতে পুরো রুটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় স্টেশন কর্তৃপক্ষ। এসময় “সাময়িক অসুবিধার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে”, বলে ঘোষণা দিতে দেখা যায় কর্তৃপক্ষকে।
ফলে বিভিন্ন স্টেশনে অফিসগামী যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। অনেকেই টিকিটের অর্থ ফেরত নিয়ে বের হয়ে যান। যদিও এসময় নতুন করে যাত্রীদের ঢুকতেও দেওয়া হয়নি।
তবে সবচেয়ে বিপাকে পড়েন বগির ভেতরে থাকা যাত্রীরা। বৈদ্যুতিক সংযোগ বন্ধ থাকায় গরমে অস্থির হয়ে পড়েন তারা।



