Saturday, June 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেট্রোরেলে আসছে নতুন সময়সূচি

রবিবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৭:৫২ পিএম

রাজধানীবাসীর যাতায়াত আরও সহজ করতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

রবিবার (৭ জুন) থেকে নতুন সময়সূচি কার্যকর হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাতে উভয় প্রান্তে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট করে বৃদ্ধি করা হচ্ছে। ফলে মতিঝিল স্টেশন থেকে উত্তরার উদ্দেশে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে, যা বর্তমানে রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যায়।

অন্যদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে। বর্তমানে এ রুটে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ৯টা ৩০ মিনিটে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের সেবা বাড়ানোর বিষয়ে গত এক মাস ধরে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে এখন বর্ধিত সময়সূচিতে যাত্রী পরিবহন শুরু করা হচ্ছে।

তবে প্রাথমিক পর্যায়ে অতিরিক্ত ২০ মিনিট সময়ে মাত্র একটি করে ট্রিপ পরিচালিত হবে। অর্থাৎ একটি ট্রেন মতিঝিলমুখী এবং আরেকটি ট্রেন উত্তরামুখী চলাচল করবে। ফলে এ সময় এক ট্রেনের পর আরেক ট্রেনের মধ্যে ১০ মিনিটের ব্যবধান থাকবে।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বলেন, “রাতে উভয় দিক থেকেই মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি, রবিবার থেকে নতুন সময়সূচি অনুযায়ী অতিরিক্ত ২০ মিনিট সেবা চালু করা সম্ভব হবে।”

যাত্রীদের দীর্ঘদিনের দাবি ও রাজধানীর রাতের যাতায়াতের চাহিদা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নতুন সময়সূচি কার্যকর হলে কর্মজীবী মানুষ ও রাতের যাত্রীদের জন্য মেট্রোরেল সেবা আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

   

About

Popular Links

x