Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

তথ্য উপদেষ্টা: রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে আগস্টে

তিনি জানান, এই প্রকল্প থেকে বিদ্যুৎ চাহিদার প্রায় ১০% পূরণ এবং প্রায় দুই কোটি মানুষ সুফল পাবে

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পিএম

চলতি বছরের আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান । 

তিনি বলেন, “এই প্রকল্প থেকে বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০% পূরণ হবে এবং প্রায় দুই কোটি মানুষ এর সুফল পাবে।”    

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানা যায়, আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ (ফুয়েল লোডিং) উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদও উপস্থিত থাকবেন। 

ফুয়েল লোডিং শেষে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে আগস্টের তৃতীয় সপ্তাহে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এছাড়া ২০২৭ সালের জানুয়ারিতে পূর্ণ সক্ষমতায় ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় সঞ্চালন লাইনে এবং বছরের শেষ দিকে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে।  

ডা. জাহেদ উর রহমান জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গত মাসে ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকার বরাদ্দে ১৪টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে বিদ্যুৎ উৎপাদন, সড়ক যোগাযোগ ও স্থানীয় প্রশাসন উন্নয়নমূলক প্রকল্পে অর্থ বরাদ্দ করা হয়েছে।  

তিনি আরও বলেন, “নতুন প্রকল্পের মাধ্যমে দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে ধারাবাহিকভাবে আমরা কাজ করছি। তবে জ্বালানি মূল্যের কারণে যানবাহনের ভাড়া বেড়েছে, যদিও ঢাকার বাস ও মিনিবাসের সরকারি ভাড়া অপরিবর্তিত রয়েছে।”

   

About

Popular Links

x