Friday, July 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশকে নিয়ে ভারতীয় মুখ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কঠোর পদক্ষেপ

সম্প্রতি ভারতের গণমাধ্যম ‘এবিপি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পিএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক ‘বাংলাদেশ বিরোধী’ ও উসকানিমূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাধেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল ৫টায় মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অণুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহানের দপ্তরে ভারতীয় দূতকে ডেকে পাঠানো হয়। সেখানে আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।

গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম কোনো ভারতীয় দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। সম্প্রতি ভারতের গণমাধ্যম 'এবিপি'-কে দেওয়া এক সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি সবসময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যে পরিস্থিতি ইউনুসের সময়ে ছিল, সেটাই যেন থাকে; সম্পর্কের উন্নতি যেন না হয়।” 

এ ছাড়া রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে ভারতে ‘পুশ-ব্যাক’ করা হয় বলেও দাবি করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, একজন প্রতিবেশী রাষ্ট্রের দায়িত্বশীল পদে থেকে অন্য একটি রাষ্ট্র ও তার সরকার সম্পর্কে এমন অবমাননাকর বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। বিশেষ করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন না হওয়ার জন্য ‘প্রার্থনা’ করার বিষয়টি অত্যন্ত উদ্বেগের।

ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারের কাছে এসব বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ ধরনের উসকানিমূলক বক্তব্য দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পথে অন্তরায় হতে পারে।

   

About

Popular Links

x