রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় অভিজাত এলাকা গুলশান, বনানী ও বারিধারাসহ পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
রবিবার (৩ মে) এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ঢাকা ওয়াসা গুলশান-বাড্ডা লিংক রোডে তাদের উন্নয়নমূলক কাজ করার সময় অসাবধানতাবশত তিতাস গ্যাসের একটি প্রধান পাইপলাইন ক্ষতিগ্রস্ত করে। এতে গ্যাস লিকেজ শুরু হলে জানমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়াতে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকার ভালভ বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে জরুরি ভিত্তিতে পাইপলাইনের লিকেজ মেরামতের কাজ চলছে।
এই মেরামতের কারণে গুলশান, বনানী, বারিধারা এবং এর আশপাশের এলাকাগুলোতে সাময়িকভাবে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। তিতাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মেরামতের কাজ শেষ হওয়া মাত্রই সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে ঠিক কখন নাগাদ কাজ শেষ হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি। হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এসব এলাকার বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।



