দীর্ঘদিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম দিকে অবস্থান করছে ঢাকা। সাধারণত বৃষ্টি হলে বায়ুমানে কিছুটা উন্নতি দেখা যায়, কিন্তু এবার টানা কয়েক দিন বৃষ্টি হলেও তেমন কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি।
মঙ্গলবার (৫ মে) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর জানিয়েছে, বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা।
রাজধানীর বায়ুমান সূচক একিউআই ১৬৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
এদিকে, দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে আছে চীনের চেংদু শহর। শহরটির বায়ুমানের সূচক ১৫৬। ১৫৪ সূচক নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি, ১৪৪ সূচক নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ‘ভালো’ হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।



