Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

এই নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে আইনজীবী সানাউল্লাহ নূরী আইনি নোটিশ পাঠান    

আপডেট : ০৭ মে ২০২৬, ০৩:৫১ পিএম

১৬ বছর পর্যন্ত শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা এবং এর অপব্যবহার রোধে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিমকোর্টের একজন আইনজীবী। 

বৃহস্পতিবার (৭ মে) লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে আইনজীবী সানাউল্লাহ নূরী এই নোটিশ পাঠান। 

ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) এই নোটিশ পাঠানো হয়েছে।  

নোটিশে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম যেমন: ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউব এর ব্যবহার নেতিবাচক দিকে যাচ্ছে। শিশু-কিশোররা এসব মাধ্যমের অপব্যবহার করছে। অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম কেন্দ্রিক সহিংসতা ও আসক্তি প্রবল আকার ধারণ করেছে যার ফলে তারা শৈশব হারাচ্ছে, খেলাধুলায় অমনোযোগী হচ্ছে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। 

এতে আরও বলা হয়, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, ভুল তথ্যের বিস্তার এবং পর্নোগ্রাফির সহজলভ্যতা শিশু-কিশোরদের মেধা ও মননে মারাত্মক প্রভাব ফেলছে। এর ফলে তারা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে এবং স্কুল-কলেজে যাওয়ার প্রতি অনীহা সৃষ্টি হচ্ছে।

শিশু-কিশোরদের মধ্যে অপরাধমূলক কাজকরার প্রবণতা বাড়ছে। এছাড়া ডিজিটাল মাধ্যমের অপব্যবহারের ফলে তারা পর্নোগ্রাফি ও অনলাইন গেমে আসক্ত হচ্ছে; নৈতিক শিক্ষা থেকে বিচ্যুত হয়ে পড়ছে। এর ফলে তারা অভিভাবকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। উপরন্তু, দেশের অধিকাংশ অভিভাবকদের ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় তারা এই অপব্যবহার নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন।

উল্লেখ্য, নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অপব্যবহার রোধে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ না করলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই আইনজীবী।  

   

About

Popular Links

x