Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রাইভেট কার থামিয়ে বিএনপি নেতার ৫০ লাখ টাকা ছিনতাই

ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়

আপডেট : ০৯ মে ২০২৬, ১১:৩৮ এএম

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইরচক এলাকায় দিনের বেলায় প্রাইভেটকার থামিয়ে ৫০ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর বিভাগীয় ডিস্ট্রিবিউটর হিসেবে কর্মরত।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে বিকাশের কর্মকর্তাবৃন্দ ফেঞ্চুগঞ্জসহ সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীদের লেনদেনের টাকা পৌঁছে দিতে একটি প্রাইভেটকারে করে রওনা দেন। গাড়িটি মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকায় পৌঁছানোর পর ৮/৯ জনের একদল ছিনতাইকারী মোটরসাইকেলে এসে গতিরোধ করে।

ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। এসময় তারা গাড়িতে থাকা ৫০ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়িক প্রয়োজনে এই বিপুল পরিমাণ টাকা সাথে রাখা হয়েছিল বলে জানা গেছে।

নাসিম হোসাইন বলেন, “ব্যবসায়িক কাজে আমার অফিসের কর্মকর্তারা টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ও অস্ত্রের ভয় দেখিয়ে এই টাকা ছিনতাই করা হয়েছে। এ বিষয়ে আমরা বিকেলেই মোগলাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।”

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, টাকা ছিনতাইয়ের বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানের ম্যানেজার নাইমুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত ৮/৯ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও অপরাধীদের শনাক্ত করতে অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি। 

 

   

About

Popular Links

x