রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়ার দুই দিন পর স্থানীয় বিএনপি নেতা মো. মাসুদ (৫০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) দুপুরে কাপ্তাই হ্রদের গর্জনটিলা এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মাসুদ কাপ্তাই শিল্প এলাকার বাসিন্দা ছিলেন। তিনি কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং পেশায় মৌসুমি ফল ব্যবসায়ী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) সকালে বিলাইছড়ি উপজেলার ফারুয়াবাজারে ব্যবসায়িক কাজ শেষে ইঞ্জিনচালিত নৌকায় কাপ্তাই ফেরার পথে গর্জনটিলা এলাকায় নৌকাটি উল্টে যায়। এতে তিনি হ্রদের পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে ঘটনাস্থলের কাছ থেকে মালামালসহ নৌকাটি উদ্ধার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিহতের মেয়ে মাইশা আক্তার তমা জানান, নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবার, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গর্জনটিলা এলাকা থেকে কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় মাসুদের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেনসহ সদস্যরা অংশ নেন। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।



