যশোরের অভয়নগরে মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ এক মাদকসেবীর পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন বেঙ্গল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, অভয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় কালীর চায়ের দোকানের পাশে গাঁজা সেবনের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশ। পরে তার হাতে হাতকড়া পরানো হলে সুযোগ বুঝে তিনি পালিয়ে যান। ঘটনার পর হাতকড়াসহ পালিয়ে যাওয়া ওই ব্যক্তিকে খুঁজতে এলাকায় তৎপরতা চালায় পুলিশ।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকসেবীরা পালিয়ে যায়। হাতকড়াসহ কাউকে পালানোর কোনো ঘটনা ঘটেনি।”
এদিকে, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, তিনি অসুস্থ থাকায় বিষয়টি সম্পর্কে অবগত নন।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, “একজন মাদকসেবী হাতকড়াসহ পালিয়েছে বলে শুনেছি। বিষয়টি থানা পুলিশের সঙ্গে কথা বলে খতিয়ে দেখা হচ্ছে।”



