Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গার্মেন্টসে ঈদের ছুটি নিয়ে সরকারের বিশেষ পরিকল্পনা

সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান সড়ক মন্ত্রী

আপডেট : ১১ মে ২০২৬, ০৭:৫৩ পিএম

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানজট সহনীয় পর্যায়ে রাখতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এবার সব পোশাক কারখানা একসঙ্গে ছুটি না দিয়ে এলাকাভেদে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সোমবার (১১ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, গত ঈদুল ফিতরে সব গার্মেন্টস কারখানা একই দিনে ছুটি হওয়ায় মহাসড়কগুলোতে আকস্মিক জনচাপ তৈরি হয়েছিল। এতে যাতায়াতে চরম বিশৃঙ্খলা ও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার যাত্রী ভোগান্তি কমাতে ধাপে ধাপে ছুটির উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ঘরমুখো মানুষ ও পশুবাহী ট্রাকের চাপ সড়কে সুষমভাবে বণ্টিত হবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘‌‘গত ঈদুল ফিতরের ঈদযাত্রায় যেসব ত্রুটি বা ব্যত্যয় ঘটেছিল, সেগুলো নিরসনে সরকার আগেভাগেই কার্যকর পদক্ষেপ নিচ্ছে।’’ সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম রোধে এ বছর ৬৯টি মোবাইল কোর্ট পরিচালিত হবে।

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট ব্যবস্থাপনা এবং পশুবাহী ট্রাকের চলাচল সুশৃঙ্খল করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের এই সমন্বিত উদ্যোগের ফলে সাধারণ মানুষ বিগত সময়ের তুলনায় অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন।

   

About

Popular Links

x