স্বাধীনতা পদকপ্রাপ্ত দেশের বরেণ্য অভিনেতা-নাট্যকার আতাউর রহমান মারা গেছেন।
সোমবার (১১ মে) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে শর্মিষ্ঠা রহমান।
শর্মিষ্ঠা রহমান গণমাধ্যমকে জানান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আতাউর রহমানের লাশ শহীদ মিনারে নেওয়ার প্রক্রিয়া চলছে। বনানী কবরস্থানে মায়ের কবরে তাকে সমাহিত করা হবে। বাদ জোহর দাফনের প্রস্তুতি চলছে।
শুক্রবার বাসায় পড়ে যান আতাউর রহমান। তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে আইসিইউ সুবিধা ওই মুহূর্তে না মেলায় তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়।
ভর্তির শুরু থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত তিনি। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।



