Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চাঁদপুরে আগুনে পুড়েছে ১১ পরিবারের ২০ বসতঘর

খবর পেয়ে উপজেলার ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি টিম প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে  

আপডেট : ১৩ মে ২০২৬, ০৮:৫৫ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ পরিবারের ২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।      

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি টিম প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

জানা গেছে, উত্তর সাহেবগঞ্জ গ্রামের বেচার বাপের বাড়ির দেলোয়ার হোসেনের ঘরের বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা ভয়াবহ অগ্নিকাণ্ডে  ২০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

ক্ষতিগ্রস্তরা হলেন - মুকবুল হোসেন, নজরুল ইসলাম তুষার, আইউব আলী, দেলোয়ার হোসেন, আবুল কাশেম, আবুল খায়ের, ইমরান হোসেন, আবুল হাসেম, মামুন প্রমুখ।  

ক্ষতিগ্রস্ত দেলোয়ার হোসেনের স্ত্রী সুমি বেগম বলেন, “দুপুরে রান্নাবান্না শেষে গোসল করে আসার পর হঠাৎ আগুন দেখতে পাই। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আমাদের ১১টি পরিবারের সব ঘর পুরোপুরি পুড়ে গেছে।”

ভুক্তভোগী ইমরান হোসেন জানান, দেলোয়ার হোসেনের ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। আমাদের ঘরের কিছুই অবশিষ্ট নেই। সবকিছু শেষ হয়ে গেছে।

রূপসা দক্ষিণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, এ অগ্নিকাণ্ডে উত্তর সাহেবগঞ্জ গ্রামের ২০টি বসতঘর পুরোপুরি পুড়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারও পুড়ে গেছে। আক্রান্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম শুরুর আশ্বাস দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x