Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাবনায় শ্রেণিকক্ষে রহস্যময় গন্ধে অসুস্থ ৭০ শিক্ষার্থী

ষষ্ঠ শ্রেণির বালিকা শাখায় ক্লাস শুরু হলে একটি প্লাস্টিকের ড্রাম থেকে তীব্র গন্ধ বের হয়

আপডেট : ১৩ মে ২০২৬, ১০:৩৬ পিএম

পাবনার ঈশ্বরদী উপজেলায় শ্রেণিকক্ষে রহস্যজনক এক গন্ধ ছড়িয়ে পড়ার পর অন্তত ৭০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। হঠাৎ এ পরিস্থিতিতে বিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, টিফিন বিরতির পর দুপুর প্রায় ২টার দিকে ষষ্ঠ শ্রেণির বালিকা শাখায় ক্লাস শুরু হলে শ্রেণিকক্ষে রাখা একটি প্লাস্টিকের ড্রাম (ডোপ) থেকে তীব্র গন্ধ বের হতে থাকে। এর কিছুক্ষণ পরই দুই শিক্ষার্থী মাথা ঘোরা ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়। পরে একই উপসর্গ মাথাব্যথা, বমি বমি ভাব ও দুর্বলতা আরও অনেক শিক্ষার্থীর মধ্যে দেখা দেয়। দ্রুতই পরিস্থিতি অবনতির দিকে গেলে সপ্তম ও অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীও অসুস্থ হয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগই প্রাথমিক চিকিৎসার পর উন্নতি করেছে। তবে দুজন শিক্ষার্থীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, যাদের অবস্থা তুলনামূলকভাবে গুরুতর।

মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বাসনা রানী জানান, প্রথমে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, এরপর ধীরে ধীরে আরও অনেকেই একই ধরনের উপসর্গে আক্রান্ত হয়। পরে শ্রেণিকক্ষে পাওয়া ড্রামটি থেকে গন্ধ ছড়ানোর বিষয়টি নজরে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি উকুন নাশক কোনো ওষুধ হতে পারে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কবেরী সাহা বলেন, “একসঙ্গে অনেক শিক্ষার্থী হাসপাতালে আসায় তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। অধিকাংশের অবস্থাই বর্তমানে স্থিতিশীল।“

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ হলো, তা জানতে পাওয়া ড্রামটি পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

   

About

Popular Links

x