Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদের ৭ দিনের সরকারি ছুটি পাচ্ছেন না যারা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে

আপডেট : ১৬ মে ২০২৬, ০৪:৫৯ পিএম

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ঈদের ছুটি কার্যকর থাকবে। তবে জনস্বার্থে এবং জরুরি সেবা নির্বিঘ্ন রাখতে বেশ কিছু খাতকে এই ছুটির আওতার বাইরে রাখা হয়েছে।

ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী, মে মাসের ২৫ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত টানা সাত দিন ঈদের ছুটি থাকবে। টানা ছুটিতে যেন নাগরিক জীবন স্থবির হয়ে না পড়ে, সেজন্য জরুরি সেবার সঙ্গে জড়িত বিভিন্ন খাতের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থেকে নিয়মিত দায়িত্ব পালন করতে বলা হয়েছে। 

বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ ব্যবস্থা চালু রাখতে সংশ্লিষ্ট কর্মীদের ২৪ ঘণ্টা নিয়োজিত থাকতে হবে। এছাড়া ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক বিভাগ, টেলিফোন ও ইন্টারনেট সেবার কর্মীরা এই ছুটির সুবিধা পাবেন না।

হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো ঈদের দিনগুলোতেও পুরোপুরি সচল থাকবে। ফলে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসাসেবার সঙ্গে জড়িত অন্যান্য কর্মীদের নিয়মিত দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে ওষুধ ও জরুরি চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত যানবাহন ও কর্মীরাও ছুটির বাইরে থাকবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের দীর্ঘ ছুটির সময়ে দেশের অর্থনৈতিক ও ব্যবসায়িক লেনদেন সচল রাখতে ব্যাংকিং কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে, উচ্চ ও অধীনস্থ আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে আলাদা দিকনির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

বেসরকারি শিল্প-কারখানা, গার্মেন্টস ও কলকারখানার শ্রমিক-কর্মচারীদের ছুটি এবং উৎসব ভাতার বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পৃথক প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

   

About

Popular Links

x