বাসচালককে মারধরের জেরে নওগাঁ থেকে বগুড়া-ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ দূরপাল্লার প্রায় সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার পর থেকে নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। বাসটির ড্রাইভার যাত্রী নামিয়ে দিয়ে বাসটি ঘুরানোর সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক কোনও কথা ছাড়াই ড্রাইভারকে মারধর করেন।
পরে বাসটি কাউন্টারে আসলে সেখানে গিয়েও কাউন্টার ভাঙচুরের চেষ্টা করেন তারা। এই মারধরের প্রতিবাদ জানিয়ে বর্তমানে বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান শ্রমিকনেতারা।
গাইবান্ধা যাওয়ার জন্য কাউন্টারের সামনে অপেক্ষায় থাকা যাত্রী হাবিবুর রহমান বলেন, “ঈদের জন্য বাড়ি যাবো। একটু আগে আগেই ছুটি নিয়েছি। এসে দেখছি বাস বন্ধ। এমন কর্মসূচির ফলে ভোগান্তিতে পড়ি আমরা।’
নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, একতা বাস কাউন্টারের স্টাফদের মারধর করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ঘটনা তদন্ত করে কী হয়েছে জেনে পরে বিস্তারিত জানাতে পারবো।”
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “বাস চলাচল স্বাভাবিক করতে বৈঠক চলছে।”



