ঈদ-উল-আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে রাজধানীর মেট্রোরেল চলাচলের জন্য বিশেষ সময়সূচি ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে ঈদের ছুটির দিনগুলোতে সীমিত সময়সূচি ও নির্ধারিত বিরতিতে ট্রেন চলাচল করবে।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এক বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছেন।
ডিএমটিসিএলের ঘোষিত সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেনটি সকাল ৬টা ৩০ মিনিটে ছেড়ে যাবে এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেনটি চলবে সকাল ৭টা ১৫ মিনিটে।
অন্যদিকে, উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের সর্বশেষ ট্রেনটি রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে।
মেট্রোরেল চলাচলের এই বিশেষ সূচিতে ট্রেনের ব্যবধান সর্বনিম্ন ১২ মিনিট থেকে সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে রাখা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীচাপ বিবেচনা করে ট্রিপের সংখ্যা প্রয়োজনে সমন্বয় করা হতে পারে। প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় ১৪০টি ট্রিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে এবং এই কার্যক্রমে ৭টি ট্রেন সেট ব্যবহৃত হবে।
টিকিট বিক্রয় ও রিচার্জের বিষয়ে বিশেষ নির্দেশনায় জানানো হয়েছে, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ১টা ২০ মিনিট পর্যন্ত একক যাত্রার টিকিট ক্রয় এবং এমআরটি বা র্যাপিড পাস রিচার্জ করা যাবে।
তবে শুক্রবারের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে। এদিন উত্তরা উত্তর স্টেশন থেকে বিকেল ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বিকেল ৩টা ৫ মিনিট থেকে টিকিট বিক্রি শুরু হবে।
প্রসঙ্গত, প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটের পর সকল মেট্রোরেল স্টেশনের টিকিট কাউন্টার ও টিকিট মেশিন বন্ধ হয়ে যাবে। তবে নির্ধারিত সময়সূচির মধ্যে সকল স্টেশন থেকেই নতুন র্যাপিড পাস কেনার সুযোগ থাকবে।



